ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দেশের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাট্যদলকে হারিয়ে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC)।
প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ‘রেইনকোট’ নাটকটি পরিবেশন করে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তারেক শুভ। গতকাল রাতে (২০ আগস্ট) প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন ভুঁইয়া।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য ইউনিভার্সিটিগুলো হলো - নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সরকারি তিতুমীর কলেজ।
প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিভার্সিটির নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের এই সাফল্য বাংলাদেশ ইউনিভার্সিটির সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্জনের বিষয়ে BUCC-এর সদস্যরা বলেন, “আমাদের ছিল আত্মবিশ্বাস, পরিশ্রম এবং একে অপরের প্রতি বিশ্বাস। সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা এগিয়ে গেছি।”
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম BUCC-এর এই সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com