জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং একাডেমিক-ইন্ডাস্ট্রি কোল্যাবরেশনের (Academic-Industry Collaboration) লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃহৎ পরিসরে ‘জব ফেয়ার’ আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাবেক সভাপতি একেএম রকিব। স্মারকলিপির একটি অনুলিপি উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, উচ্চশিক্ষা সম্পন্ন করার পর শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যক্ষ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাব একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। কেবল চাকরির সুযোগ তৈরির মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সারকলিপিতে ৩টি প্রধান দাবি তুলে ধরা হয়:
১. জবি শিক্ষার্থীদের নিয়োগে বিশেষ সুযোগ সৃষ্টি: জব ফেয়ারে অংশগ্রহণকারী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সমন্বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীদের সরাসরি নিয়োগের সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি বিভিন্ন বিভাগের যোগ্যতা ও দক্ষতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সঠিকভাবে উপস্থাপনের ব্যবস্থা করা।
২. ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিতে সমঝতা স্মারক (MoU) স্বাক্ষর: স্নাতক শেষ করার আগেই শিক্ষার্থীরা যাতে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা লাভ করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন করপোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা।
৩. অ্যাকাডেমিক-ইন্ডাস্ট্রি কোল্যাবরেশন তৈরি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করা। এর আওতায় যৌথ প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ইন্ডাস্ট্রি ভিজিট, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যবস্থা করা, যাতে নিয়োগদাতারা জবি শিক্ষার্থীদের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জবি শিক্ষার্থীদের জন্য শুধু তাৎক্ষণিক চাকরির সুযোগই তৈরি হবে না, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যকার বিদ্যমান দূরত্ব অনেক কমে আসবে। জবি শিক্ষার্থীরা যাতে কেবল একাডেমিক ডিগ্রি নিয়েই বের না হয়, বরং কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুস্পষ্ট পথ পায়—সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com