নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণের এ আইনি প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে আইন মন্ত্রণালয় এ মতামত দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি নিয়ে মতামত চাওয়া হলে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আইন মন্ত্রণালয় তাদের স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। মন্তব্যে জানানো হয়, ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতে সাংবিধানিক কোনো বাধা নেই।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বাধ্যবাধকতা ও বিধান অনুসরণ করে স্পিকারের যাবতীয় দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনি পর্যালোচনায় আরও উল্লেখ করা হয়, বর্তমান প্রেক্ষাপটে ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের পূর্ণ অর্পিত দায়িত্ব পালন করছেন, তাই সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে তিনিই যথাযথ আইনি ও সাংবিধানিক কর্তৃপক্ষ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com