সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ১৬ আগস্ট রবিবার দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম এর সভাপতিত্বে হযরত শাহপরাণ (রহঃ) মাজার শরীফের বাৎসরিক পবিত্র উরুস উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, হযরত শাহপরাণ (রহঃ) মাজার শরীফের পবিত্র উরুস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আগত কোনো ব্যক্তি যাতে কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে নজর রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, যানজট নিরসনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশের সকল শাখা ও গোয়েন্দা সংস্থাসমূহকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক সার্বক্ষণিক কড়া নজরদারি রাখতে হবে। পবিত্র উরুস শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিনিধিদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত সমন্বয় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, জেলা প্রশাসন, সিলেট, র্যাব-৯, এনএসআই, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট-এর প্রতিনিধিবৃন্দ এবং হযরত শাহপরাণ (রহঃ) মাজার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমসহ বিভিন্ন সংস্থার সদস্য ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com