আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে ইলিয়াস হোসেন (২৩) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনের আনুমানিক ২৫০ গজ দক্ষিণে।
জানা যায়, উপজেলার চাপড়া গ্রামের লেবুর ছেলে ইলিয়াস এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে ওই মেয়েকে বিয়ের জন্য তার পরিবারকে চাপ দেয়। কিন্তু পরিবার থেকে ইলিয়াসের বড় ভাই বিদেশ থাকার অজুহাতে বিয়েতে কালবিলম্ব করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার সন্ধ্যায় শাহাগোলা রেলওয়ে প্লাটফর্মে ইলিয়াসকে একজন বোরকা পরিহিতা মেয়ের সাথে ঘুরাফিরা করতে দেখা গেছে। অনুমান করা হচ্ছে ওই মেয়েটিই তার প্রেমিকা। তবে মেয়েটিকে এখন পর্যন্ত কেউ সনাক্ত করতে পারেনি।
এদিকে ইলিয়াস হোসেন এ ঘটনার ২২ ঘন্টা আগে তার ফেসবুকে আজ তার জীবনের শেষ দিন বলে একটি স্ট্যাটাস দিয়েছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এরই এক পর্যায় সে রোববার সন্ধ্যায় চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন শাহাগোলা স্টেশন অতিক্রম করলে সে ওই ট্রেনের নিচে ঝাঁপদিয়ে আতœহত্যা করে। এ সময় ওই মেয়েটিও তার সাথে ছিল বলে অনেকের মন্তব্য। কে সেই কথিত প্রেমিকা ? এটি উদ্ঘাটন হলে ইলিয়াসের মৃত্যু রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সান্তাহার জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে এবং কারও কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com