বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যদার ২৭৭ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
প্রশাসন ক্যাডারের ১৯০ জনসহ কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য (সাধারণ), তথ্য (বেতার-অনুষ্ঠান), তথ্য (বেতার-প্রকৌশল), পশু সম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক), রেলওয়ে (প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব পদের ২৬২ জন ও বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
২৬২ জনের আদেশে বলা হয়, পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হলো। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।
পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।
অপরদিকে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জনের পদোন্নতির আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে ওই পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com