রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকাল পৌনে ১২ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষে আমি আপনাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১১ টার দিকে ১১ দলীয় ঐক্য মনোনীত অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কমিশন। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট দুপুর ২ টা থেকে পাঁচটা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দেয়। বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নই টিকে রইলো।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com