জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যেকোনো জরুরি ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা চালু থাকা বিনামূল্যের ‘স্টুডেন্ট সেফটি হটলাইন’ চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ দাবিতে একটি স্মারকপত্র হস্তান্তর করেছে সংগঠনটি।
স্মারকপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন স্থান থেকে শিক্ষা কার্যক্রমে অংশ নেন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা, লাইব্রেরি, ল্যাব, আবাসিক এলাকা ও যাতায়াতের সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত ঝুঁকির মুখোমুখি হতে পারেন। জরুরি মুহূর্তে দ্রুত প্রশাসনের সহায়তা পাওয়ার জন্য একটি কেন্দ্রীয় ও সহজলভ্য যোগাযোগব্যবস্থা প্রয়োজন।
এ লক্ষ্যে ২৪ ঘণ্টা চালু থাকা একটি বিনামূল্যের ‘Student Safety Hotline’ চালুর পাশাপাশি এর আওতায় দ্রুত সহায়তার জন্য একটি Quick Response Team (QRT) গঠনের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া প্রতিটি অভিযোগের জন্য Incident Tracking System চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এর মাধ্যমে অভিযোগ গ্রহণ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির তথ্য, সাড়া দেওয়ার সময় (Response Time) এবং সমাধানের অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়।
হটলাইন নম্বরটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড, পরিপত্র, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান এবং শিক্ষার্থীদের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে প্রচারেরও দাবি জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কার্যকর ও দ্রুত প্রতিক্রিয়াশীল একটি Student Safety Hotline চালু হলে জরুরি মুহূর্তে শিক্ষার্থীদের প্রশাসনের সঙ্গে যোগাযোগের প্রতিবন্ধকতা কমবে এবং বিশ্ববিদ্যালয়ে আরও নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
স্মারকপত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ বিবেচনায় ২৪/৭ বিনামূল্যের Student Safety Hotline এবং প্রয়োজনীয় অবকাঠামো ও Quick Response ব্যবস্থা গড়ে তোলার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com