ঈশ্বরগঞ্জে হাসপাতাল দালালচক্রের ৩ সদস্য আটক, দুজনের কারাদণ্ড


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও বিভ্রান্ত করার অভিযোগে দালালচক্রের তিন নারী সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার জয়পুর গ্রামের মো. রহমত উল্লাহর স্ত্রী মোছা. শিরিন (৩৫) এবং দক্ষিণ বড়ভাগ গ্রামের মৃত মিলনের স্ত্রী মোছা. কমলা (৩৫)। অপর নারী হাটুলিয়া গ্রামের মো. মাসুদ মিয়ার স্ত্রী মোছা. রেখা বেগম (২৮)। রেখা বেগমকে ১০ হাজার টাকা মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস উপজেলার টপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরির তাপমাত্রা নির্ধারিত মান অনুযায়ী না থাকায় ল্যাবটি বন্ধ করে তালা দেওয়া হয়। একই সঙ্গে দুটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কাছ থেকে ভবিষ্যতে দালাল না পাঠানোর বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “হাসপাতালে দালালির মাধ্যমে রোগী হয়রানি কিংবা বিভ্রান্ত করার সুযোগ নেই। দালালচক্রের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকেই ছাড় দেওয়া হবে না। রোগীর স্বার্থে হাসপাতাল দালালমুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।



