বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পেয়ে কারিমা রানী (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কারিমা রানী ওই গ্রামের শ্রী কাঞ্চনের মেয়ে। তিনি গণিপুর ইউনিয়নের চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কারিমা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন জানতে পারেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ ঘটনাটি জানতে পারেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
কারিমার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com