আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করেছে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন। দিবসটি উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) সকাল ৯টায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অসামান্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত সবাই শহিদদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com