রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার ভোরে চালানো এ হামলায় শহরের বিভিন্ন এলাকায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবা কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার সময় কিয়েভজুড়ে পরপর ১২টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা রাজধানীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শেভচেনকিভস্কি ও সোলোমিয়ানস্কি জেলায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোর রয়েছে, যার একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া দারনিৎসকি জেলায় একটি গুদামঘরে আগুন লাগে এবং হলোসিভস্কি এলাকায় ভবনের ওপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন স্থানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে কিয়েভে হামলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে মস্কো আরও জোরালোভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে অতিরিক্ত সামরিক সহায়তার আহ্বান জানিয়ে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেশে উৎপাদনের লাইসেন্স পাওয়ার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে এ ধরনের প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার ভাষায়, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অন্য কোনো দেশের কাছে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ভবিষ্যতে সেই প্রযুক্তি অপব্যবহারের ঝুঁকি থেকেই যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com