মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, বিএনপি'র ইতিহাস আপসকামিতার ইতিহাস নয়, বিএনপির ইতিহাস পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস।
আজ রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ মরহুম শফিউল বারী বাবু'র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মরহুম শফিউল বারী বাবু'র সহধর্মিণী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।
অহেতুক মানুষকে উত্তেজিত করে স্বৈরাচারকে রাস্তা খুলে দিয়ে দেশকে বিপদগ্রস্ত না করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।
মন্ত্রী মরহুম শফিউল বারী বাবু'র স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাবু ছিলো সৎ, নিষ্ঠাবান, ত্যাগী, দায়িত্ববোধসম্পন্ন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন ও সন্তানদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাবু ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ছিল আদর্শিক সম্পর্ক। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে ছিলাম। তিনি যে ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের মরহুম শফিউল বারী বাবু'র সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, শহিদুল বারী'র স্মৃতির প্রতি সম্মান রেখে তিনি আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, সাহস, মেধা, মানবিকতা, দলের প্রতি আনুগত্য, দেশের প্রতি মমতাবোধ, কর্মীর প্রতি ভালবাসায় শফিউল বারী বাবু ছিলেন অনন্য।
উল্লেখ্য, ২০২০ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন । শফিউল বারী বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ জনপ্রিয় ছাত্রনেতা তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং পরিচিতি পেয়েছিলেন তুখোড় সংগঠক হিসেবেও।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ নিবেদিত প্রাণ কর্মী- সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com