দেশকে মাদকমুক্ত রাখতে কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে ধারাবাহিক অভিযানের মাধ্যমে বিভিন্ন সময়ে জব্দকৃত ৮৩ কোটি ৭৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
আজ (২৮ জুলাই ২০২৬) সকালে পৃথকভাবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এবং সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত তিন বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ৫১ কোটি ৮৩ লক্ষ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়।
অন্যদিকে, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নীলডুমুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জন আসামিসহ ৫১ কোটি ৮৫ লক্ষ ৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও সমজাতীয় নেশাজাতীয় দ্রব্য, ইয়াবা, গাঁজা, হেরোইন, বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ, মাদকজাতীয় ট্যাবলেট, এলএসডি এবং ২.৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
অনুষ্ঠানে কুমিল্লা ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com