ইয়ামিন হোসেন, ভোলাঃ ভোলায় জাল টাকা বহনের দায়ে শাহিদা বেগম (৪০) নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এস এম তারিক শামস্ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহিদা বেগম জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ মে বিকেলে বোরহানউদ্দিন থানার তৎকালীন এসআই অশোক কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে শাহিদা বেগমকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ টাকার ১৮টি জাল নোট (মোট ৯,০০০ টাকা) উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলা চলাকালে আদালত প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম ফারুক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহাবুবুল হক লিটু।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com