কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে 'ফাউন্ডার ফিয়েস্তা (উদ্যোক্তা মেলা)' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড এম. এম. শরীফুল করীম কর্তৃক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় মেলার। পরবর্তীতে তিনি স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে দিক-নির্দেশনা দেন।
এসময় উপাচার্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের 'এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট' কোর্সের অংশ হিসেবে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শিক্ষার্থীদের উদ্যোগে পাঁচটি স্টল বসানো হয়েছে। এসব স্টলে মাটির তৈরি সামগ্রী, খাবার, গহনা ও প্রসাধনীসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। আয়োজকদের তথ্যমতে, বিকেল ৪টা পর্যন্ত এই মেলা চলবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তৌহিদুর রহমান সাকিব বলেন, 'এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট কোর্সের অংশ হিসেবেই আজকের এই উদ্যোক্তা মেলার আয়োজন। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করা যায়, সেটিই আমরা এই মেলার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। একজন বিবিএ শিক্ষার্থী ও ভবিষ্যৎ মার্কেটার হিসেবে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে এই আয়োজন। এমন উদ্যোগের জন্য আমি আমার ব্যাচমেটদের এবং কোর্স শিক্ষক বিপাশা ম্যামকে ধন্যবাদ জানাই।'
আরেক শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার বলেন, 'আমাদের স্টলে মূলত হ্যান্ডক্রাফট প্রোডাক্টের প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে সেন্টেড ক্যান্ডেল রয়েছে, যেগুলো সম্পূর্ণ হোমমেড। এছাড়া ন্যাচারাল ফ্লাওয়ারের সলিড পারফিউম এবং বিভিন্ন ফুড আইটেম রয়েছে। আমাদের এই উদ্যোক্তা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের একজন উদ্যোক্তা হিসাবে তৈরি করা। '
এসময় পরিদর্শন শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'বিজনেস স্টাডিজে পড়ার অন্যতম উদ্দেশ্য হলো আমরা শুধু চাকরি করব না, চাকরি দিবো। সেই লক্ষ্য সামনে রেখেই আমাদের কাজ করে যেতে হবে। আজকের এই আয়োজনও সেজন্যই যেন শিক্ষার্থীরা নতুন নতুন উদ্যোগ নিয়ে সামনে আসতে পারে। তারা এখানে টিমওয়ার্ক করে কাজ করেছে। পাশাপাশি এককভাবেও যাতে কিছু করতে পারে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।'
মেলা ঘুরে উপাচার্য ড. এম. এম. শরীফুল করীম বলেন, 'আজকের আয়োজনটা খুবই ভালো হয়েছে। এর মাধ্যমে স্টুডেন্টরা নতুন কিছু করার উদ্দীপনা পাবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। আমরা 'স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার' তৈরির চেষ্টা করছি, যেখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করতে পারবে। পাশাপাশি এখানে বিজনেস ফ্যাকাল্টির সিনিয়র শিক্ষকরা আছেন, তারা যদি শিক্ষার্থীদের জন্য এমন একটা জায়গা তৈরি করতে পারে যেখানে এসব উদ্ভাবন ও খাবারগুলো তৈরি করতে যেসব যন্ত্রপাতি প্রয়োজন তা সেখানে থাকবে। তাহলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে।'
তিনি আরও বলেন, 'এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের প্যাকেটিংয়ের জন্য প্লাস্টিক ব্যবহার করছে তবে আমরা নতুন ক্যাম্পাসে প্লাস্টিক একদম ব্যান করার চিন্তা করছি। বিজনেস ফ্যাকাল্টি যদি উদ্যোগ নিয়ে এরকম বড়ো উদ্যোক্তা মেলা করতে পারে তবে আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রী কে সেখানে আনতে।'
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com