কুষ্টিয়া প্রতিনিধি: "মাঠে হবে গোলের লড়াই, মাদকের বিরুদ্ধে আমরা সবাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জেলা পরিষদের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও মোহামেডান ফুটবল টিমের সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকী।
এসময় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কুষ্টিয়া ফুটবলের একটি ঐতিহ্য ছিলো। ১৯৭৭ সালে একটি খেলা হয়। সে সময় আমরা কুষ্টিয়ার ছেলেরা খেলার সময় খেলা দেখতে যেতাম। তখন সারা বাংলাদেশে ফুটবল খেলার প্রচলন ছিলো। প্রতিটি থানায় খেলা হতো। এ খেলা পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ায় আমাদের দেশের যুবক ছেলেরা খেলাধুলা, বই পড়া বাদ দিয়ে চলে যায় মাদকের নেশায়। তিনি আরো বলেন, মাদক এমন একটা জিনিস, যে মাদক সেবন করে, সেই পরিবারটা জানে তার পরিবার ধ্বংস হয়ে যায়। এমনটি টুর্নামেন্ট আয়োজন করায় জেলা পরিষদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছেন। যে কারনে তিনি কিছুদিন পূর্বে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে খেলার শুভ উদ্বোধন করেন। আমরা আশাকরি প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন উনি দেশের সাবেক খেলোয়াড়দের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করবো তোমাদের মধ্যে থেকে সেই মানের ফুটবলার তৈরি হয়ে জাতীয় টিমে খেলবে।
এছাড়া, অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আমরা দুর্নীতি করবো না, ঘুষ নেবো না, আমরা সুন্দরভাবে দেশ গড়বো, এই অঙ্গীকার আমাদের সকলের করতে হবে। তাহলে আমি আশাকরি আগামী দিনে তোমরা খেলাধুলায় অবশ্যই ভালো করবে। আশাকরি তোমরা সততার সাথে চলবে। তিনি আরো বলেন, বর্তমানে দেশে মাদক বেড়ে গেছে। এই মাদক থেকে বেরিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে। তাই যুব সমাজকে তথা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। সকলের সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা, কুষ্টিয়া পৌরসভাসহ অন্যান্য দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দৌলতপুর উপজেলা ও মিরপুর উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পায় দৌলতপুর উপজেলা ফুটবল দল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুব নেতা জব্বার মিলন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি প্রমূখ। এছাড়া জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের মাধ্যমে জেলার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com