খুলনা ব্যুরো : যৌন হয়রানি ও ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। তাদের দাবি, অভিযোগে অভিযুক্ত ক্যান্টিন কর্মচারী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং সম্প্রতি গঠিত ‘স্পন্দন ২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল করা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন দাবিগুলোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নিয়ে আইনি জটিলতার কথা বলে সময়ক্ষেপণ করছে। তাই দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা ঘোষণা দেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ইমাম হাসানের পরিচালিত হল ক্যান্টিনের বরাদ্দ বাতিল, ছাত্রী হলে পুরুষ কর্মী নিয়োগ বন্ধ, আবাসিক হলে কর্মচারীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ এবং ক্যান্টিন পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী জানান, অভিযুক্ত ইমাম হাসানকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
উল্লেখ্য, বিজয় ’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিন কর্মচারী ইমাম হাসানকে আটক করার পর থেকেই ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com