পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দী পূর্বপাড়া (দ্বীপ) এলাকায় শতাধিক পরিবারের চলাচলের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। সাঁকো পার হওয়ার পরও নেই কোনো রাস্তা। বাধ্য হয়ে কৃষিজমির আইল ধরে প্রায় ৫০০ মিটার হেঁটে প্রধান সড়কে যেতে হয় এলাকাবাসীকে। এতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিশু-শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ।
স্থানীয়দের জানান, কয়েক যুগ ধরে এ এলাকায় শতাধিক পরিবার বসবাস করছে। নদীভাঙনের কারণে বর্তমানে চারপাশে নদী ও খালে বেষ্টিত হয়ে তারা কার্যত নদীবন্দি। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়। এরই মধ্যে সাঁকো থেকে পড়ে আজিজার রহমান নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে।
স্থানীয় মিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হয়। দ্রুত একটি রাস্তা ও সেতু নির্মাণের দাবি জানান তিনি। স্কুলছাত্র ওমর ফারুক মিয়া জানায়, ভাঙা সাঁকো পার হতে ভয় লাগে। একবার পড়ে গিয়ে আহতও হয়েছে সে।
বাসিন্দা ফুল মিয়া বলেন, রাস্তা ও সেতুর অভাবে রাতে মাঠ পেরিয়ে বাড়ি ফিরতে হয়। এমনকি যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ করতেও সমস্যা হচ্ছে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এলাকাটি পরিদর্শন করা হয়েছে। রাস্তা ও সেতু নির্মাণের বিষয়টি আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনাজ বলেন, এলাকায় রাস্তা ও সেতুর সমস্যা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com