ইয়ামিন হোসেন : ভোলা থেকে চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ করতে যুক্ত হলো 'এ আর এক্সপ্রেস' নামের নতুন বিলাসবহুল একটি বাস সেবা। ৩৩ আসনবিশিষ্ট এ বাসটিতে রাখা হয়েছে আধুনিক 'টু-বাই-ওয়ান' (২x১) সিটিং ব্যবস্থা।
শুক্রবার (২৪ জুলাই) সকালে ভোলা ইলিশা ঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ বাস সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ আর এক্সপ্রেসের ভোলা অঞ্চলের পরিচালক মো. জিয়াউর রহমান ফরাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ আর এক্সপ্রেসের চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) ইমরান হোসেন বলেন, "মজু চৌধুরী ঘাট থেকে চট্টগ্রাম রুটে এটিই প্রথম টু-বাই-ওয়ান ৩৩ সিটের বাস সেবা। এতদিন টু-বাই-টু সিটিং ব্যবস্থায় নারী যাত্রীদের যাতায়াতে নানা ধরনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সমস্যা দেখা দিত। সে বিষয়টি বিবেচনায় রেখেই নারী ও সাধারণ যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ আর এক্সপ্রেস সম্পূর্ণ নতুন আঙ্গিকে ২x১ সিটিং ব্যবস্থা চালু করেছে।"
তিনি আরও জানান, প্রতিদিন সকাল ১০টা ও ১১টায় বাসটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজু চৌধুরী ঘাটের ম্যানেজার মামুন চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি মো. সোহরাব হোসেন এবং ইলিশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুমন। এছাড়া ইলিশা ঘাটের বিভিন্ন পরিবহন সার্ভিসের ম্যানেজার, স্থানীয় কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেন।
নতুন এই এসি/বিলাসবহুল বাস সেবা চালুর ফলে ভোলা ও লক্ষ্মীপুর অঞ্চল থেকে চট্টগ্রামগামী সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যাত্রা আরও দ্রুত ও আরামদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com