ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার নিমগাছী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের মৃত মইর আলী আকন্দের বড় ছেলে।
স্থানীয় ব্যবসায়ী মো. ইদ্রিস আলী জানান, সকালে আবু বক্কর মাছ কেনার জন্য নিমগাছী বাজারে যান। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে আব্দুল জলিল বলেন, ‘আমার বাবা মাছের ব্যবসা করতেন। মাছ কেনার জন্য পাশের নিমগাছী বাজারে গেলে দ্রুতগতির সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com