সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ কর্মসূচির আওতায় ১,০৭৭ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একই সঙ্গে এলাকার ১৮৬টি গবাদি পশুকে ভেটেরিনারি সেবা দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পদ্মা নদীর ভাঙনকবলিত সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এহেন বাস্তবতা বিবেচনায় সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিজিবি এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।
মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, গাইনি, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি সকল রোগীর মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সময়ে পরিচালিত ভেটেরিনারি ক্যাম্পে ১৮৬টি গবাদি পশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়, যা স্থানীয় পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ভেটেরিনারি চিকিৎসক, অন্যান্য পদবিধারী বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের সীমান্ত অঞ্চলের মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com