দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ শিক্ষা শুধু সনদ অর্জনের নাম নয়, শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। সন্তানদের মোবাইলের পর্দায় নয়, নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে তুলতে হবে।এমন প্রত্যয়ী আহ্বান জানিয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম সাকলায়েন।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘অরবিট শিক্ষা পরিবার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। প্রকৃত শিক্ষা মানুষের বিবেক জাগ্রত করে, ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে শেখায় এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। দাওকান্দির শিক্ষা ও সার্বিক উন্নয়নে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।
অরবিট শিক্ষা পরিবারের পরিচালক মো. আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক, নৈতিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত পাঞ্জারী কোচিং সেন্টার-এর ধারাবাহিকতায় নতুন পরিচয়ে অরবিট শিক্ষা পরিবার হিসেবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি প্রস্তুতি এবং এসএসসি পরীক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় আস্থা ও সুনাম অর্জন করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু। তিনি বলেন, দাওকান্দি দীর্ঘদিন ধরে শিক্ষা-ঐতিহ্যের জনপদ হিসেবে পরিচিত। এ অঞ্চলের সেই গৌরবময় ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে অরবিট শিক্ষা পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে পরিচালক মো. আলাউদ্দিন বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে অরবিট শিক্ষা পরিবারের পথচলা শুরু হয়েছে। “শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই আদর্শকে ধারণ করে দক্ষ, মানবিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হবে। শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি জাতি গঠনের একটি মহৎ দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এসদার আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফাজ আলী, বিএনপি নেতা মুন্টু, আফজাল, দুলাল, জিয়া, রাব্বানী ও বল্টু (মাস্টার)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, অরবিট শিক্ষা পরিবার আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থী তৈরি এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com