কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফুহাদ রেজা ফাহিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকী, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের এক অনন্য প্রতীক। যুগ যুগ ধরে এ উৎসব সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এদিকে অনুষ্ঠান উদ্বোধনের পর ঐতিহ্যবাহী রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ভজন-সংকীর্তন, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, উৎসবকে ঘিরে ভক্তদের জন্য ধর্মীয় কর্মসূচি, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবে অংশ নেওয়া ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন করেন এবং সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com