আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন। মঙ্গলবার সকালে বরিশল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলুর রহমান ভুঁইয়ার বাড়িতে অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু হয়।
অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুর রহমান বরিশলকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, সরকারের সব ধরনের বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সবার সঙ্গে পরামর্শ করে বণ্টন করা হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার কফিলউদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করে সরকার গেজেট প্রকাশ করে। চলতি জুলাইয়ে মো. ফজলুর রহমান ভুঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com