ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) ও তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম ধনিয়া ইউনিয়নের বালিকান্দি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, দুপুরে বালিকান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে এবং তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করে। তথ্যের ভিত্তিতে দুপুর ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জলদস্যু ও ডাকাত দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com