উদীয়মান কবি এবং গবেষক সুদীপ চন্দ্র হালদার ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং ভারতের শতাব্দীপ্রাচীন ও অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) আইন শাস্ত্রে গবেষণার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই ডক্টোরাল ডিগ্রি প্রদান করেছেন।
গত ১১ জুলাই, শনিবার আইন অনুষদের ডিনের চেম্বারে তাঁর ভাইভা-ভোসে (মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাইভা-ভোসে সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডক্টর’ হিসেবে ঘোষণা করা হয়। ডিগ্রির আনুষ্ঠানিক সনদ আগামী সমাবর্তন (Convocation) অনুষ্ঠানে প্রদান করা হবে। তাঁর গবেষণার বিষয় ছিল ‘সমসাময়িক দণ্ডনীতি’।
ডক্টর সুদীপ শৈশব থেকেই আকর্ষনীয় ও মূল্যবোধ সম্পন্ন একাডেমিক অর্জন অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, ডক্টর সুদীপ তাঁর বাগেরহাটের গ্রামের স্কুল থেকে জুনিয়র ট্যালেন্টপুলে বৃত্তি ও তৎকালীন প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত প্রশংসাপত্র এবং মাধ্যমিকে স্কুলের প্রথম শিক্ষার্থী হিসেবে [জিপিএ-৫] গোল্ডেন এ+ অর্জন করেছিলেন। পরবর্তীতে ডক্টর হালদার খুলনা পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক এবং এডক্সেল বোর্ড থেকে এ-লেভেল সম্পন্ন করেন।
শিক্ষাজীবনের পরবর্তী ধাপে ডক্টর হালদার বিশ্বখ্যাত লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্সসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং নয়ডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম [স্পেশালাইজেশন-ক্রিমিনাল অ্যান্ড সিকিউরিটি ল] সম্পন্ন করেন।
ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি ভাইভা বোর্ডে উপস্থিত সকল অধ্যাপক, গবেষণা-তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে তাঁদের আশীর্বাদ কামনা করেন।
ভাইভা-ভোসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক প্রদীপ কুমার সিং, গবেষণা-তত্ত্বাবধায়ক ড. ববিতা বেরাইয়া, অধ্যাপক জয় প্রকাশ রায়, অধ্যাপক রাজু মাঝি, অধ্যাপক শৈলেন্দ্র কুমার গুপ্ত, অধ্যাপক বিভা ত্রিপাঠীসহ আইন অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। বহিঃপরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীমতি বাগেশ্বরী দেশওয়াল।
কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। ইতোমধ্যেই তিনি তাঁর লেখনীর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন থেকে একাধিক স্বীকৃতি ও সম্মাননা অর্জন করেছেন।
ড. সুদীপ চন্দ্র হালদারের এই সাফল্যে সাহিত্য, শিক্ষা ও গবেষণা অঙ্গনের বিশিষ্টজন, শুভানুধ্যায়ী এবং সহকর্মীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর গবেষণা, সাহিত্যচর্চা ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com