স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কুয়ারপাড় ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুল খালিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সমিতির নবগঠিত কমিটির অভিষেক এবং জরুরি সভাও অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় নগরীর লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রেজাউল হাসান কয়েস লোদীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সমিতির প্রচার সম্পাদক মাহমুদ পারভেজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, কুয়ারপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সাধারণ সম্পাদক রফিক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মরহুম আব্দুল খালিক ছিলেন একজন সৎ, পরোপকারী ও দায়িত্বশীল মানুষ। জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন সমাজসেবা ও মানবকল্যাণে কাজ করেছেন। প্রায় ৩৫ বছর ধরে লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে স্বেচ্ছায় দায়িত্ব পালন করেছেন, যা সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, “আমরা আজ জুমার নামাজ আদায় করে আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি যে, আব্দুল খালিক একজন ভালো, পরোপকারী ও নামাজি মানুষ ছিলেন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।” নবনির্বাচিত কমিটির উদ্দেশে তিনি বলেন, পূর্বসূরিদের দেখানো আদর্শ অনুসরণ করে ব্যবসায়ী ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে হবে। মত-পথ ভিন্ন হলেও সামাজিক জীব হিসেবে সবাই একে অপরের পরিপূরক। এসময় তিনি সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী পাপলু, অলিউর রহমান চৌধুরী সুহেল, ডা. এ. কে. পাল, মো. আলকাছ মিয়া ও মো. রফিকুল ইসলাম, সমিতির সদস্য লাহিন আহমদ, রকিবুল ইসলাম রিপন, রাজন পাল, পরমেশ কুমার দাশ, রানা সাহা, রওশন মিয়া, রায়হান আহমদ, সাঈদ আহমদ, ফারুক আহমদ, বিধান চন্দ্র নাথ, কালা মিয়া, মো. নজরুল ইসলাম, কৃপাসিন্ধু দাশ, রিংকু দাশ, সায়মাম আহমদ, মো. আবুল কাশেম, প্রবীর রায়, মুজাম্মেল আহমদ, রুমান আহমদ রমু, এহসানুল, যীশু তালুকদার প্রমুখ।
অভিষিক্ত নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল মোর্শেদ, সহসভাপতি প্রাণ ধীর রায় প্রানেশ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. আবুল ফয়েজ বাবু, কোষাধ্যক্ষ তাফদিল আহমদ পাভেল, প্রচার সম্পাদক মাহমুদ পারভেজ খান এবং সহপ্রচার সম্পাদক রিংকু মল্লিক। এছাড়া কমিটিতে সাতজন উপদেষ্টা ও ৪৭ জন সদস্য রয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com