ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বর্ষা মৌসুমে নদী-খাল-বিল পানিতে ভরে উঠতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দেশীয় মাছের প্রজনন শুরু হয়েছে। এ সময় কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের চেষ্টা করায় প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করেছে।
সরেজমিনে উপজেলার উচাখিলা, রাজিবপুর, মাইজবাগ, মকটুলা, সোহাগী, সরিষা, আঠারবাড়ী, বড়হিত, জাটিয়া ও সদর ইউনিয়নের বিভিন্ন নদী, খাল-বিল ও জলাশয়ে কিছু স্থানে নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে এ ধরনের জাল ব্যবহারে রেণু পোনা, ডিমওয়ালা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয় বাসিন্দা উমর ফারুক বলেন, বিভিন্ন বাজারে এখনো কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ জাল বিক্রি করছেন। এসব জালের বিক্রি ও ব্যবহার পুরোপুরি বন্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের রাশেদ ফকির বলেন, বর্তমানে অধিকাংশ দেশীয় মাছের প্রজননকাল চলছে। এ সময় নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করা গেলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুদা জাহান বলেন, “জনবল সংকট থাকলেও অবৈধ জাল জব্দে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোথাও নিষিদ্ধ জাল ব্যবহারের তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাছের প্রজনন মৌসুমে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “মৎস্য বিভাগের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস এবং আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com