ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ):নওগাঁর পোরশায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বাস্তবায়ন নিয়ে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. হামিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল হক টিটু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন, টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার ফারহানা উর্মী এবং সংস্থাটির বিভিন্ন কর্মসূচির উপকারভোগীরা সভায় অংশ নেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও করণীয়, আগাম প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com