ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় একরাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র অভিনব কায়দায় পিকআপ ভ্যানে করে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৩টা থেকে ফজরের নামাজের আগ মুহূর্তের মধ্যে পৌর এলাকার শিমরাইল গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চোরচক্রের সদস্যরা স্থানীয় চা বিক্রেতা চাঁন মিয়ার একটি ষাঁড় ও একটি গাভী এবং একই বাড়ির বাসিন্দা হাবিবুর রহমান হবির একটি বখনা গরু, একটি বাছুর ও একটি গাভীসহ মোট ৫টি গরু চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগীদের ধারণা, কোনো সংঘবদ্ধ চোরচক্র পেশাদার কায়দায় পিকআপ ভ্যান ব্যবহার করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একরাতে গ্রামের ভেতর থেকে এভাবে একাধিক গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com