আবু সায়েম মোহাম্মদ সা'- আদাত উল করীম : জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, "ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে তদন্ত করেছি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "খুব অল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এ ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হবে না। শিক্ষা বোর্ড সবসময় পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ থেকে ভুল প্রশ্নপত্র বিতরণ করেছে। এ ঘটনার সম্পূর্ণ দায় কলেজ কর্তৃপক্ষের।"
এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৬ সালের নিয়মিত ১০০ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
একই কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। সব মিলিয়ে কেন্দ্রটিতে নয় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষা বোর্ড তাৎক্ষণিকভাবে তদন্তে নামে এবং দায় নিরূপণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com