কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় গড়াই নদের বালুঘাটের দখল নিয়ে এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করেছে দলের অপর গ্রুপের ক্যাডাররা। এসময় তারা শটগানের গুলি ছুঁড়ে আতঙ্ক তৈরি করে। আহত বিএনপি কর্মী আরিফুল ইসলামকে (৩২) কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে বারোটার দিকে, উপজেলার লালন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গড়াই নদের এলঙ্গী আচার্য বালুঘাট নিয়ে বিএনপি'র দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে গভীর রাতে পাঁচ ছয়টি মোটরসাইকেলে করে ১০-১২ জন ক্যাডার বিএনপি নেতা শেখ সাদীর সমর্থক রফিকুল ইসলাম কে হাতুড়িপেটা করে। এতে তিনি মারাত্মক জখম হন।
এ সময় স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা কয়েক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আরিফুলের গ্রামের বাড়িতেও হামলা চালায়। আরিফুলকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে বিএনপির দুপক্ষের কোন নেতার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে হামলাকারীদের আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত আরিফুলের পক্ষে মামলা দেওয়া হলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com