মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় ১১ জন চাষির মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
২০২৫-২০২৬ অর্থ বছরের এ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত উপকারভোগী চাষিদের মাছের উন্নতমানের খাবার, গাছের চারা ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। একই সঙ্গে প্রদর্শনী মৎস্য খামারের জন্য চাষিদের নাম সংবলিত দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও হস্তান্তর করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ময়মুনা জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মৎস্য বিভাগ সূত্র জানায়, গ্রামীণ পর্যায়ে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ এবং গৃহস্থালি পুকুরগুলোকে উৎপাদনমুখী করতে মৎস্য অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে। উপকরণ পেয়ে স্থানীয় চাষিরা সন্তোষ প্রকাশ করেন এবং এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির আশা ব্যক্ত করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com