সিনিয়র রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজ গঠন ও জনকল্যাণে রোটারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের একার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই রোটারি, লায়ন্সসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
বুধবার (১ জুলাই) রাতে নগরীর দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 'ইয়ার লঞ্চিং অ্যান্ড কলার হ্যান্ডওভার ২০২৬-২৭' উপলক্ষে 'লিডারশিপ চেঞ্জ সেরিমনি' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একসময় সিলেটে হাতে গোনা কয়েকটি রোটারি ক্লাব থাকলেও বর্তমানে ৪০টিরও বেশি ক্লাব বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এটি অত্যন্ত আশাব্যঞ্জক। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসেবামূলক কাজে এগিয়ে এলে সাধারণ মানুষ যেমন উপকৃত হয়, তেমনি দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হয়।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব একটি 'গ্লোবাল ভিলেজে' পরিণত হয়েছে। বিশ্বের যেকোনো দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ে। আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাজ করছে। কঠিন বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে।
সিসিক প্রশাসক বলেন, সিলেট নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব সরকার তাকে দিয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করছেন। তবে নগর উন্নয়নের ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা একটি বড় চ্যালেঞ্জ। স্থানীয় রাজস্ব আদায়ে ঘাটতি, হোল্ডিং ট্যাক্স থেকে প্রত্যাশিত আয় না পাওয়া এবং নিজস্ব আয়ের উৎস সীমিত থাকায় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
তিনি নগরবাসী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও টেকসই সিলেট গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরীর পরিচালনায় ও কোঅর্ডিনেটর (অ্যাডমিন) পিডিজি এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর ছিদ্দিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর জাকির আহমদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর কামরুজ্জামান চৌধুরী রুম্মান এবং রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com