নকআউট পর্বে একটি ছোট ভুলও পুরো টুর্নামেন্ট শেষ করে দিতে পারে-এ বাস্তবতা ভালোভাবেই জানেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তিনি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট-সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়েই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। অতিরিক্ত সময়, পেনাল্টি-সবকিছুর জন্যই দল প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্কও সমানভাবে কাজ করতে হবে। এটি এক লেগের লড়াই। হারলে আর ফিরে আসার সুযোগ নেই। তবে আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।’
হাস্যরসের সুরে তিনি বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে। তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’
এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে ইতিবাচক খবর এসেছে নেইমার জুনিয়রকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামা এই তারকা জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন আনচেলত্তি।
তিনি বলেন, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com