ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা জেলায় আগামী ২৮শে জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ২ লক্ষ ৯৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোলার সিভিল সার্জন ড. মুনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন চলাকালীন জেলার ৭টি উপজেলার সকল ইউনিয়নে নির্ধারিত কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ড. মুনিরুল ইসলাম বলেন, "একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুর্গম ও চরাঞ্চলের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।"
সংবাদ সম্মেলনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম এবং ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবক, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। একই সাথে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com