চীনের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা নিজেদের ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে তালিকাভুক্ত করায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের সঙ্গে চীনের সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই এবং এ সিদ্ধান্তের পক্ষে কোনো বাস্তব বা আইনি ভিত্তিও নেই।
মঙ্গলবার (২৩ জুন) আদালতে জমা দেওয়া আবেদনে আলিবাবা জানিয়েছে, তারা একটি স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানের কোনো সদস্যের সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই। কোম্পানির ভাষ্য, তাদের পণ্য ও সেবা খুচরা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি খাতের জন্য তৈরি করা হয়েছে, প্রতিরক্ষা বা গোয়েন্দা কার্যক্রমের জন্য নয়।
মামলাটি ক্যালিফোর্নিয়ার সান হোসের একটি ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে। এতে চীনের সামরিক বাহিনীর সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে করা কালোতালিকা থেকে আলিবাবার নাম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
গত ৮ জুন যুক্তরাষ্ট্র আলিবাবাকে চীনের সামরিক বাহিনীকে সহায়তা করছে বলে সন্দেহভাজন প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করে। একই তালিকায় চীনের আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হয়।
তালিকাভুক্তির পর আলিবাবা জানিয়েছিল, তারা কোনো সামরিক প্রতিষ্ঠান নয় এবং সামরিক-বেসামরিক সমন্বয় কর্মসূচির অংশও নয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তাদের সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও এই পদক্ষেপের সমালোচনা করেছে। দূতাবাসের দাবি, বিদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে চীনা কোম্পানিগুলো সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলে। একই সঙ্গে তারা চীনা প্রতিষ্ঠানের জন্য বৈষম্যহীন ও ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের প্রযুক্তি খাতের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ‘চীনা সামরিক কোম্পানি’ তালিকা সম্প্রসারণ করেছে। বর্তমানে এ তালিকায় প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৮টিতে পৌঁছেছে।
নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো আগামী ৩০ জুন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে কোনো পণ্য, সেবা বা প্রযুক্তি সরবরাহ করতে পারবে না। এছাড়া ২০২৭ সাল থেকে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে পণ্য ও সেবা কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আলিবাবা দেশটির প্রতিরক্ষা শিল্পভিত্তিক কর্মসূচিতে অবদান রাখছে। তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে আলিবাবা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com