সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর আওয়ামী লীগের সহসভাপতিসহ দলটির চার প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহসভাপতি জামাল মিয়া (৪০), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল (৪৭), মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আল-আমিন (৪৮) এবং পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মোশাররফ হোসেন পায়েল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাল মিয়া পৌরসভার কামারকোনা মহল্লার মফিজ উদ্দিনের ছেলে, রুহুল আমিন শাকিল বোয়ালিয়া মহল্লার নুরুল আমিনের ছেলে, আল-আমিন মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মোশাররফ হোসেন পায়েল পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার বাসিন্দা।
অভিযানের বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের নাম উল্লেখ ছিল। সেই মামলার সূত্র ধরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com