দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুরে নিসিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঝটিকা মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মোট ৭৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ এবং দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠুর নামও রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী দুর্গাপুর জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল শহরগামি প্রধান রাস্তায় একটি ঝটিকা মিছিল বের করে। পরবর্তীতে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতামূলক কার্যক্রমে উৎসাহ প্রদানের চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ এনে দুর্গাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে আসামি, শিমুল, মাসুদ রানা ও আতিকুর রহমান খোকনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
এদিকে, দুর্গাপুর থানা পুলিশের এই সফলতাকে সাধুবাদ জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “বিষয়টি নিয়ে আতঙ্কে ছিল উপজেলা বাসি। এত কম সময়ে মিছিল কারীদের পরিচয় সনাক্ত করে মামলা দিয়ে ৩ জন আসামি গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরেছে। আমরা চাইনা দেশে অস্থিতিশীল ও অরাজকতার সৃষ্টি হোক। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তবেই অপরাধ দমন করা সম্ভব।”
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি পঞ্চনন্দ সরকার বলেন, “ঘটনা জানার পর থানা পুলিশ তথ্য উদঘাটনে কাজ শুরু করে। পুলিশ আসামিদের চিহ্নিত করার পর মামলা হয়েছে।মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মিছিলের ভিডিও ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য ও সংশ্লিষ্ট আলামত পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা কেউ আইনের উর্ধ্বে নয়। অপরাধ কারি যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনি প্রক্রিয়ায় বিচারের দায়িত্ব বিজ্ঞ আদালতের।”
মামলার ঘটনায় উপজেলা জুড়ে থম-থমে পরিবেশ বিরাজ করছে । রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে মামলার পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com