ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদ প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত ১১ জুন জিসান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। ওইদিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
একই দিন রাতে দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সি এক বিধবা নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা আদালতে হাজির করে।
অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী বলেন, জিসান প্রধানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ হাজির করে ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, ‘জিসানকে রিমান্ডে এনে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আমরা আশা করছি, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com