আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : অধীনস্থ এক ইন্সপেক্টরকে ‘গাছে ঝুলিয়ে পিটিয়ে মারার’ হুমকি দিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
তাকে খুলনা থেকে প্রত্যাহার করে আগামী ২১ জুন পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
২০ জুন শনিবার জারি করা এক জরুরি অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে তাকে ঢাকায় যোগ দিতে হবে।
গত ১৭ জুন খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় এক মতবিনিময় সভায় তথ্য ফাঁসের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে রাশিদুল ইসলাম খান বলেন, কোনো ইন্সপেক্টরের মাধ্যমে তথ্য ফাঁস হলে তাকে ‘গাছে ঝুলিয়ে’ জনগণকে দিয়ে ‘পিটিয়ে মারানো হবে’। বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনও ক্ষোভ প্রকাশ করে। বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে পুলিশ সদরদপ্তর তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com