বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়
তিনি আরও বলেন, বিএনপি কখনো একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে বিদেশে নির্বাসিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন চুক্তি সম্পন্ন করা হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে।
তিনি আরও বলেন, সরকারের মাত্র তিন মাসে অনেক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের কালীদাস নদীর উপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠেরপুলের পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে তিনি উত্তর ইসলামপুর এলাকায় স্থানীয়দের বিভিন্ন সমস্যার খোঁজ নেন। পরে উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com