লালমনিরহাট ১৯ জুন, ২০২৬ : পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের জন্য সরকার কাজ করছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনকল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা পাড়ের জনগণ যেন সর্বোচ্চ সুফল পায় সেজন্য চূড়ান্ত পরীক্ষা-নীরিক্ষা চলমান রয়েছে।
আজ লালমনিরহাটে তিস্তা অবসরে তিস্তা নদী পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের স্বার্থ আগে দেশ এবং জনগণ যেন সর্বাধিক উপকৃত হয় সেজন্য সকল পরীক্ষা-নিরীক্ষা করে সরকার প্রকল্পের কাজ আরম্ভ করতে চায়। তিনি আরও বলেন, তিস্তা অববাহিকার জনগণ যাতে দীর্ঘমেয়াদী সুফল পায় সেজন্য সরকার সর্বোচ্চ সতর্কতার সহিত প্রকল্পটি নিয়ে কাজ করছে।
শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার শুধু কথায় নয় কাজে বিশ্বাস করে। ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কে পুনরুজ্জীবিত করা হয়েছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন হলে সরকার সহসাই প্রকল্পটি একনেকে অনুমোদন দিবে। তিনি আরও বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েছি। প্রয়োজনে তিস্তা প্রকল্পও নিজস্ব অর্থায়নে করার আশ্বাস দেন তিনি।
এসময় মন্ত্রী ও সফরসঙ্গীবৃন্দ নীলফামারী ও জেলার চাঁদের হাট, কচুকাটা, টেংগন নদী, জলঢাকা ও দেওনাই এবং লালমনিরহাট জেলা চাড়ালকাটা নদী, রাজারহাট, ধানজাই, ও তিস্তা প্রধান সেচ খাল পরিদর্শন করেন।
পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লা, অতিরিক্ত মহাপরিচালক মোঃ রুহুল আমিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com