মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার তদন্তাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
বুধবার (১৭ জুন) সকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মুন্সীগঞ্জ সার্কেলের আওতাধীন মুন্সীগঞ্জ থানা ও গজারিয়া থানার নিয়মিত মাঠপর্যায়ের তদন্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে প্রতিটি মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকি করতে হবে এবং প্রযুক্তিনির্ভর ও সাক্ষ্য-প্রমাণভিত্তিক তদন্ত নিশ্চিত করতে হবে। তিনি মামলা তদন্তে গতি আনতে ই-মামলা ব্যবস্থার সঠিক ব্যবহার এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় তদন্তাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার। এছাড়াও মুন্সীগঞ্জ থানা ও গজারিয়া থানার বিভিন্ন পর্যায়ের তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ সুপার জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com