মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামে ঝড়ে গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মীমাংসার পর প্রতিবেশীর ১৬টি আকাশমনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকজন ব্যক্তি ওই গাছগুলো কেটে পাশের একটি পতিত জমিতে ফেলে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে জমির মালিকের ভাই আফান আলী ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে গাছের মালিক মো. মুকবুল হোসেন মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাশড়া গ্রামের মৃত:আশরাফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, মো.লৎফর হোসেনসহ ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে তার গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবারের ঝড়ে দেলোয়ার হোসেনের বাড়ির টিনের চালার ওপর একটি আকাশমনি গাছ ভেঙে পড়ে। এতে তার প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে স্থানীয়ভাবে ৭ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করে বিষয়টির মীমাংসা করা হয়।
গাছের মালিক মো.মুকবুল হোসেন বলেন,আমি ঢাকায় চাকরি করি। গ্রামে আমার ভাইয়েরা আমার জমিজমা ও অন্যান্য বিষয় দেখভাল করেন। কয়েকদিন আগে জানতে পারি,আমার জমিতে থাকা একটি আকাশমনি গাছ ঝড়ে দেলোয়ার হোসেনের বাড়ির টিনের চালার ওপর পড়ে কিছু ক্ষতি করেছে। বিষয়টি জানার পর আমি আমার ভাইদের বলেছিলাম,যদি তার ক্ষতি হয়ে থাকে তাহলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করতে। পরে তাকে ৭ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে জানতে পারি,আমার জমিতে থাকা প্রায় ১৫ থেকে ১৬টি আকাশমনি গাছ কেটে ফেলা হয়েছে। এতে আমার আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন,আমার বাড়ির পাশে গাছগুলো থাকায় ঝড়ে একটি গাছ আমার বাড়ির ওপর পড়ে ক্ষতি করেছে। গাছগুলো কাটার জন্য তাদেরকে বারবার বলেছিলাম। তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমি গাছগুলো কেটেছি। এছাড়া আমি ওই জায়গায় জমি পাব বলেও দাবি করছি।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com