নিজ দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটা শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগের পর তার দায়িত্ব এখন অধ্যাপক জামালুন্নেসার ওপর ন্যস্ত করেছে পরিচালনা পর্ষদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা গত ২৫ বছরেরও অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন অধ্যাপক জামালুন্নেসা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটা শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একইসঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচলে তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করতে তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে যাবতীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে।
পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।
এর আগে, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com