রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) দুপুর ১টা ৪৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাতিরঝিল এলাকায় কাইল্লা পলাশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়। গুলি করার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান। তিনি জানান, শুক্রবার পলাশের বাসায় মিলাদের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উলটো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বেঁচে আছেন কিনা, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ওসি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com