সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ‘ষড়জ শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ষড়জ শিল্পী গোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইশরাফিল শাহিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক,কবি ও গবেষক তারেক রেজা। তিনি তাঁর বক্তব্যে জাতীয় কবির সাহিত্যকর্ম,সাম্যবাদী চিন্তা ও মানবতাবাদী দর্শনের ওপর বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, বিশিষ্ট কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক এবং অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্রোহী কবি নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. ইশরাফিল শাহীন তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য,সংগীত ও বিপ্লবী চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ষড়জ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবির কালজয়ী নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এস এম ফেরদৌস বাহার ও দিলারা বেগম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com