জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজের ভুল-ত্রুটি ও অনিয়ম তুলে ধরেন, যা নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনের পুরো সময় জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছায়ার মতো ছিল। জুলাইয়ের শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন ও তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার ক্ষেত্রেও দলটি সক্রিয় ভূমিকা পালন করেছে। তিনি অভিযোগ করেন, সীমান্তে হাজার হাজার মানুষকে পুশ-ইন করার চেষ্টা চললেও এ বিষয়ে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।
তিনি বলেন, দেশের আর্থিক খাতেও অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। তবে জনগণের আমানতের প্রতিষ্ঠানকে কোনোভাবেই ‘ডাকাতের হাতে’ তুলে দিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
বাজেট প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেটে দুর্নীতির ছাপ স্পষ্ট হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব বাজেট প্রস্তাবনা তুলে ধরেছে।
তিনি আরও বলেন, সরকারে না থেকেও জামায়াতে ইসলামী শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ডে প্রায় ২০০টি অস্থায়ী স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সেবার আওতায় আনা হচ্ছে।
সেলিম উদ্দিন বলেন, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অতীতে এসব সেবামূলক প্রতিষ্ঠানের সুবিধাভোগীদের হয়রানির শিকার হতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষ ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ করলে জামায়াতের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তব চিত্র স্পষ্ট হবে। একই সঙ্গে নগর জীবনের সমস্যা ও অসঙ্গতিগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে সেগুলোর সমাধানে জামায়াত ঢাকা মহানগর উত্তর সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি। রেজাউল করিম বলেন, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদ সেলিম উদ্দিন ব্যাপক জনসমর্থন পাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম নেতৃত্ব প্রদান করবেন। তিনি আরও বলেন, সেলিম উদ্দিনের নেতৃত্বে মহানগর উত্তর এলাকায় দলীয় প্রার্থীরা সংসদ নির্বাচনেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com